রাজনীতি

ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় আমিনুল ইসলাম

  ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। সম্ভাব্য নেতৃত্বে কারা আসছেন, তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে নতুন কমিটির নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য আমিনুল ইসলামের নাম। ছাত্রদল থেকে যুবদলের দীর্ঘ রাজনৈতিক পথচলা, সাংগঠনিক অভিজ্ঞতা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে তাঁকে ঘিরে তৈরি হয়েছে আগ্রহ। আমিনুল ইসলামের রাজনৈতিক পথচলা শুরু ছাত্রদলের রাজনীতির মধ্য দিয়ে। ২০০৩ সালে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন তিনি। পরবর্তী সময়ে একই প্রতিষ্ঠানের আহ্বায়ক ও সভাপতির দায়িত্ব পালন করেন। ২০০৫ থেকে ২০১০ সাল পর্যন্ত ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। এরপর কেন্দ্রীয় ছাত্রদলের রাজনীতিতে যুক্ত হয়ে ২০১৬ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পান। তবে তাঁর রাজনৈতিক পরিচয় শুধু পদ-পদবিতে সীমাবদ্ধ নয়। আন্দোলন-সংগ্রামের মাঠেও সক্রিয় ভূমিকা ছিল তাঁর। বিএনপির বিগত সরকারবিরোধী আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলেন আমিনুল ইসলাম। হরতাল, অবরোধসহ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেন তিনি। আওয়ামী লীগ সরকারের সময় হামলা-মামলা, পুলিশি বাধা ও গ্রেপ্তার আতঙ্কের মধ্যেও সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন বলে দাবি করেছেন তাঁর সহযোদ্ধারা। জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও ঢাকা মহানগর উত্তর এলাকায় সক্রিয় ভূমিকা রাখেন তিনি। ২০২৪ সালের ৭ জুলাই ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর সংগঠনটির সাংগঠনিক কার্যক্রমে যুক্ত হন আমিনুল ইসলাম। পরবর্তী সময়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে কমিটিতে পরিবর্তন আনা হলেও আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখেন তিনি।সব শেষ  তিনি ঢাকা মহানগর উত্তর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় ছাত্রদল ও যুবদলের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন, সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার মধ্য দিয়ে তৈরি হয়েছে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা। এদিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন নেতৃত্ব গঠন নিয়ে চলছে নানা আলোচনা। গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক পদে যোগ্য, ত্যাগী ও পরীক্ষিত নেতৃত্ব চান তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদানের যথাযথ মূল্যায়ন করে নতুন কমিটিতে আমিনুল ইসলামকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হবে। তবে নতুন কমিটিতে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব। উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। এরপর থেকেই নতুন কমিটির নেতৃত্ব নিয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

Admin নভেম্বর ৪, ২০২৬ 0
‘শেখ হাসিনা যত দিন বেঁচে আছেন, তত দিন অস্থিতিশীলতার চেষ্টা চলবে’

শেখ হাসিনা যত দিন বেঁচে থাকবেন, তত দিনই তাঁকে ঘিরে দেশ অস্থিতিশীল করার চেষ্টা চলতে পারে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের অপচেষ্টা প্রতিহত করা হবে বলে জানিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রম নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তথ্য উপদেষ্টা। ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না—এমন প্রশ্নের জবাবে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনাকে বিপুলসংখ্যক মানুষ নিয়ে দেশ ছাড়তে হয়েছে। তিনি যত দিন বেঁচে থাকবেন, তত দিন এ ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলে সরকার মনে করে। এসব অপচেষ্টা প্রতিহত করা হবে। তিনি বলেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টা শুধু ডিসেম্বর পর্যন্ত সীমাবদ্ধ নয়। ডিসেম্বরের পরও বিভিন্ন সময়ে এমন পরিস্থিতি তৈরির চেষ্টা হতে পারে। এদিকে চলমান পোশাকশ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি বোর্ড গঠন করেছে। তাই শ্রমিকদের আন্দোলন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে দাবি আদায়ের আহ্বান জানান তিনি। জাহেদ উর রহমান জানান, সাধারণত পাঁচ বছর পরপর পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছিল। সে হিসাবে ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন মজুরি বোর্ড গঠনের কথা ছিল না। তবে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও জ্বালানির দাম বৃদ্ধির বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার আগেভাগেই বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। তথ্য উপদেষ্টা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শ্রমিক আন্দোলন ঘিরে কিছু ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। তাঁর ধারণা, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও দলটির হাতে থাকা বিপুল অর্থ ব্যবহার করে বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির চেষ্টা হতে পারে।

Admin নভেম্বর ৩, ২০২৬ 0
শ্রমিকদের উসকানি দিয়ে অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে কঠোর ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং এর কার্যক্রমও শুরু হয়েছে। তাই নতুন করে শিল্প খাতে অস্থিরতা সৃষ্টির কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। রাজনৈতিক উদ্দেশ্যে শ্রমিকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে তা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। মঙ্গলবার (৩ নভেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সারাদেশের চিংড়ি ঘের নিয়ে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে। শ্রমিকদের পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো পূরণে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। ন্যূনতম মজুরি নির্ধারণে গঠিত বোর্ডের মাধ্যমে শ্রমিক ও মালিকপক্ষের আলোচনা এবং দর-কষাকষির ভিত্তিতে মজুরি নির্ধারণ করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, শ্রমিকদের ন্যায্য দাবির সঙ্গে সাম্প্রতিক কিছু কর্মকাণ্ডের সম্পর্ক নেই। এসব কর্মকাণ্ডের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে। কোনো কোনো মহল নিজেদের স্বার্থে শ্রমিকদের উসকানি দিয়ে শিল্প খাতে অস্থিরতা তৈরির চেষ্টা করছে বলে সরকার মনে করছে। তিনি জানান, গার্মেন্টস ও বিকেএমইএ-সংশ্লিষ্ট শ্রমিক সংগঠনগুলোর প্রায় সব নেতার সঙ্গে সরকার আলোচনা করেছে। মালিকপক্ষের সঙ্গেও কথা হয়েছে। এসব আলোচনায় সংশ্লিষ্ট পক্ষগুলো সন্তুষ্টি প্রকাশ করেছে। এখন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জীবনমান উন্নয়নে সহায়ক ন্যূনতম মজুরি নির্ধারণের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে। কিছু গার্মেন্টস কারখানা বন্ধ থাকা এবং শ্রমিকদের সড়কে অবস্থান প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বন্ধ কারখানাগুলো দ্রুত খুলে দেওয়ার ব্যবস্থা নেওয়া হবে। তবে কিছু দুষ্কৃতকারী হামলা ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি জটিল করার চেষ্টা করতে পারে। কেউ কারখানা বন্ধ বা উৎপাদন ব্যাহত করার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও বলেন, শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে আলোচনা ও সমাধানের পথ খোলা রয়েছে। তাই শিল্পকারখানার উৎপাদন ব্যাহত করা কিংবা অস্থিতিশীল পরিস্থিতি তৈরির কোনো যৌক্তিকতা নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে গোয়েন্দা তৎপরতা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম জোরদার করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষা, জীবনমান উন্নয়ন এবং শিল্পকারখানায় উৎপাদন অব্যাহত রাখা—সব বিষয়ই সরকারের বিবেচনায় রয়েছে। শ্রমিকদের ন্যায্য দাবি পূরণে সরকার সচেষ্ট। তবে শ্রমিকদের অসন্তোষকে কাজে লাগিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিল কিংবা শিল্প খাতে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না।

Admin নভেম্বর ৩, ২০২৬ 0
শ্রমিকদের নতুন মজুরি কাঠামো ৩ দিনের মধ্যে কার্যকরের দাবি, শ্রমমন্ত্রীর পদত্যাগ চান শ্রমিক শক্তির নেতারা

শ্রমিকদের চলমান মজুরি বৃদ্ধির আন্দোলনে বলপ্রয়োগ বন্ধ এবং আগামী তিন দিনের মধ্যে নতুন বেতন কাঠামো কার্যকরের দাবি জানিয়েছে জাতীয় শ্রমিক শক্তি। একই সঙ্গে শ্রমিক আন্দোলন দমনে হামলা ও হয়রানির অভিযোগ তুলে শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে সংগঠনটি। মঙ্গলবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। এতে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির রাজনৈতিক পর্ষদের সদস্য ও সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ, জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির, সদস্যসচিব ঋয়াজ মোর্শেদ, মুখ্য সংগঠক আরমান হোসেনসহ কেন্দ্রীয় নেতারা। সংবাদ সম্মেলনে মাজহারুল ইসলাম ফকির অভিযোগ করেন, গত নয় মাসে বিএনপি সরকার আওয়ামী লীগের পুনর্বাসন এবং ঝুট ব্যবসার ভাগবাটোয়ারায় ব্যস্ত ছিল। এখন শ্রমিকদের স্বতঃস্ফূর্ত আন্দোলনে আওয়ামী লীগের অনুপ্রবেশের অভিযোগ তোলা হচ্ছে। এ পরিস্থিতির দায় সরকারের বলেও মন্তব্য করেন তিনি। মাজহারুল ইসলাম বলেন, নতুন মজুরি নির্ধারণে মজুরি বোর্ড গঠনের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন তারা। কিন্তু শ্রমমন্ত্রী এ বিষয়ে ব্যর্থ হয়েছেন। তাই ব্যর্থতার দায় নিয়ে তাঁর পদত্যাগ করা উচিত। আগামী তিন দিনের মধ্যে নতুন মজুরি কাঠামো নির্ধারণেরও দাবি জানান তিনি। শ্রমিকদের আন্দোলনে প্রশাসনের বলপ্রয়োগ বন্ধের আহ্বান জানিয়ে সংগঠনটির সদস্যসচিব ঋয়াজ মোর্শেদ বলেন, শ্রমিকদের ওপর হামলা চালানো যাবে না। শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যেতে শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সরকার হামলা করলে দেশের ছাত্র, শ্রমিক ও সাধারণ মানুষ তাঁদের পাশে দাঁড়াবে। সংগঠনের মুখ্য সংগঠক আরমান হোসেন অভিযোগ করেন, দলীয় বাহিনী দিয়ে শ্রমিকদের ওপর হামলার কারণে সরকার গঠিত মজুরি বোর্ডের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয়েছে। হামলার সঙ্গে জড়িত বিএনপি নেতাদের পাশাপাশি পরিকল্পনাকারীদের গ্রেপ্তার এবং গণগ্রেপ্তার বন্ধের দাবি জানান তিনি। একই সঙ্গে গ্রেপ্তার ব্যক্তিদের মুক্তি চেয়েছেন। কেন্দ্রীয় সংগঠক শেখ রুবেল বলেন, বিভিন্ন কারখানায় শ্রমিকদের জোর করে প্রবেশ করানো হচ্ছে। কারখানার ফটকে সরকারদলীয় স্থানীয় নেতাকর্মীদের দিয়ে শ্রমিকদের ওপর হামলার ঘটনাও ঘটছে বলে অভিযোগ করেন তিনি। সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদ বলেন, মজুরি বোর্ড গঠনের নামে সরকার ও মালিকপক্ষ দলীয় লোকজনকে দায়িত্ব দিয়েছে বলে শ্রমিকদের মধ্যে অসন্তোষ রয়েছে। সরকারের বিভিন্ন অপরিপক্ব সিদ্ধান্তের কারণেই আন্দোলন এ পর্যায়ে পৌঁছেছে বলে মন্তব্য করেন তিনি। শিল্পের স্বার্থেই বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে শ্রমিকদের মজুরি বাড়ানোর আহ্বান জানান এই সংসদ সদস্য। সংবাদ সম্মেলনে বক্তারা আরও অভিযোগ করেন, বিভিন্ন স্থানে বিএনপি নেতাকর্মী ও পুলিশের মদদে শ্রমিকদের ওপর হামলা চালানো হচ্ছে। এ ধরনের দমন-পীড়ন অব্যাহত থাকলে শ্রমিকদের আন্দোলন আরও বিস্তৃত হতে পারে বলে সতর্ক করেন তাঁরা। শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে ন্যায্য মজুরি নিশ্চিত করার পাশাপাশি হয়রানিমূলক ‘ব্ল্যাকলিস্ট প্রথা’ বাতিলের দাবিও জানান জাতীয় শ্রমিক শক্তির নেতারা।

Admin নভেম্বর ৩, ২০২৬ 0
আইক্যাপের ১৩তম সাধারণ অধিবেশনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন এনসিপির চার কেন্দ্রীয় নেতা

 দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অনুষ্ঠিতব্য এশীয় রাজনৈতিক দলগুলোর আন্তর্জাতিক সম্মেলন ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ (আইক্যাপ)-এর ১৩তম সাধারণ অধিবেশনে অংশগ্রহণ করতে দেশটিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির চার সদস্যের একটি প্রতিনিধিদল। আগামী ৪ থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত এই অধিবেশন অনুষ্ঠিত হবে। প্রতিনিধিদলে দলের সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম সদস্যসচিব জনাব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক জনাবা মনিরা শারমিন এবং যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) জনাব আলাউদ্দীন মোহাম্মদ। অধিবেশনে যোগদানের পাশাপাশি নেতৃবৃন্দ বিভিন্ন দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। ৩৯টি দেশের ৯২টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা এবারের অধিবেশনে অংশগ্রহণ করবেন। দক্ষিণ কোরিয়ার প্রধান দুটি রাজনৈতিক দল—ডেমোক্রেটিক পার্টি অব কোরিয়া এবং পিপল পাওয়ার পার্টি—সম্মেলনটির সহ-আয়োজক। সম্মেলনে রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, অভিজ্ঞতা বিনিময়, গণতন্ত্র, সুশাসন ও আঞ্চলিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। আইক্যাপ ২০০০ সালের সেপ্টেম্বরে ফিলিপাইনের ম্যানিলায় প্রতিষ্ঠিত হয়। এশিয়ার বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ, পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা জোরদার করাই এই প্ল্যাটফর্মের মূল লক্ষ্য। রাজনৈতিক আদর্শ কিংবা সরকার ও বিরোধী দলে অবস্থানের পার্থক্য নির্বিশেষে দলগুলোর মধ্যে যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি করে আসছে সংস্থাটি।

Admin নভেম্বর ৩, ২০২৬ 0
বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনার মি. ডেরেক লোহ এর সৌজন্য সাক্ষাৎ

  আজ ৩ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০:৩০টায় বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুরের  হাইকমিশনার (নন রেসিডেন্ট) মি. ডেরেক লোহ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপির সঙ্গে ২৯ মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় হাইকমিশনারের সঙ্গে উপস্থিত ছিলেন চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং এবং সিঙ্গাপুরের ফরেন অ্যাফেয়ার্স মিনিস্ট্রির সাউথ এশিয়া ও সাব সাহারা আফ্রিকান ডিরেক্টরেটের কান্ট্রি অফিসার ম্রিথিনি টিজি গ্রিথারান। সৌজন্য বৈঠকটি অত্যন্ত আন্তরিকতা ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি, দুর্নীতি প্রতিরোধ, শিল্প-বাণিজ্যের উন্নয়ন, গণতন্ত্রের অগ্রগতি, গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়নসহ প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কারের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।   হাইকমিশনার মি. ডেরেক লোহ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং গণতান্ত্রিক অগ্রযাত্রায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। একইসঙ্গে তিনি ভবিষ্যতে বাংলাদেশ ও সিঙ্গাপুরের পারস্পরিক সম্পর্ক আরও জোরদার, সহযোগিতা সম্প্রসারণ এবং উভয় দেশের উন্নয়ন উদ্যোগে নতুন সম্ভাবনা তৈরির আশাবাদ ব্যক্ত করেন।  বিরোধীদলীয় নেতার সঙ্গে এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি ও বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য জনাব আলী আহমাদ মাবরুর।  

Admin নভেম্বর ৩, ২০২৬ 0
মনিরুল ইসলাম স্বপন
ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি পদে আলোচনায় মনিরুল ইসলাম স্বপন

ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটিতে সভাপতি পদে আলোচনায় রয়েছেন সংগঠনটির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন। দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, সাংগঠনিক দায়িত্ব পালন এবং আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকার কারণে নতুন নেতৃত্বের আলোচনায় উঠে এসেছে তাঁর নাম। ছাত্ররাজনীতি দিয়ে রাজনৈতিক পথচলা শুরু করেন মনিরুল ইসলাম স্বপন। ২০০৩ সালে যুবদলের রাজনীতিতে যুক্ত হওয়ার পর সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন তিনি। দীর্ঘ সময়ে সদস্য, প্রচার সম্পাদক, দপ্তর-সংক্রান্ত দায়িত্ব, গুলশান জোনের টিম লিডার, যুগ্ম আহ্বায়ক এবং সর্বশেষ ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। দলীয় সূত্রে জানা যায়, বিএনপির বিগত আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা ছিল স্বপনের। হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচিতে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে রাজপথে ছিলেন তিনি। আন্দোলন চলাকালে হামলা-মামলা ও পুলিশি নির্যাতনেরও শিকার হয়েছেন। প্রেসক্লাবের সামনে পুলিশের লাঠিচার্জে তাঁর মুখের ভেতরে ১১টি সেলাই দিতে হয়েছিল বলে জানা গেছে। এসব প্রতিকূলতার মধ্যেও দলীয় কর্মসূচিতে সক্রিয় ছিলেন তিনি। এ ছাড়া জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনেও নেতাকর্মীদের সঙ্গে মাঠপর্যায়ে ভূমিকা রাখেন মনিরুল ইসলাম স্বপন। দীর্ঘ রাজনৈতিক পথচলায় দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় এবং আন্দোলনের কর্মসূচি বাস্তবায়নে কাজ করেছেন বলে তাঁর ঘনিষ্ঠরা জানিয়েছেন। এদিকে ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা। গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক পদে যোগ্য ও পরীক্ষিত নেতৃত্ব চান তৃণমূলের নেতাকর্মীরা। তাঁদের প্রত্যাশা, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক অবদানের মূল্যায়ন করে সভাপতি পদে মনিরুল ইসলাম স্বপনকে দায়িত্ব দেওয়া হবে। তবে নতুন কমিটিতে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসছেন, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যুবদলের কেন্দ্রীয় নেতৃত্ব। উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় গত ৩০ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় যুবদল। এরপর থেকেই নতুন কমিটির নেতৃত্ব নিয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ে আলোচনা শুরু হয়েছে।

Admin নভেম্বর ১, ২০২৬ 0
ছবিঃ সংগৃহীত
স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনো নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। মন্ত্রীর ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন জানান, ফুসফুসে সংক্রমণের কারণে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শারীরিক অবস্থা বিবেচনায় হাসপাতালে দর্শনার্থীদের ভিড় না করার অনুরোধ জানিয়েছেন চিকিৎসকরা। তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। বর্তমানে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি মেডিকেল টিমের অধীনে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

Admin নভেম্বর ১, ২০২৬ 0
জুলাই সনদের আইনি ভিত্তি নেই, তবে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব বেশি: স্বরাষ্ট্রমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত ‘জুলাই জাতীয় সনদ’-এর সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে তাঁর মতে, সনদটি ঘিরে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব আইনি ভিত্তির চেয়েও বেশি। শনিবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এক সেমিনারে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন থাকলেও এর পেছনে যে রাজনৈতিক সমঝোতা রয়েছে, সেটি গুরুত্বপূর্ণ। তাঁর ভাষায়, ‘ইন্টেরিম গভর্নমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।’ সনদের আইনি স্বীকৃতি নিয়ে অতীতে হওয়া বিতর্কের প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, জনগণ এই সনদ চায় কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। জাতীয় ঐকমত্য কমিশনের কার্যক্রমের শেষ পর্যায়ে সনদটির আইনি ভিত্তি দেওয়া নিয়েও ব্যাপক বিতর্ক তৈরি হয়। তখন বিষয়টির একটি চূড়ান্ত সমাধানে পৌঁছানোর প্রয়োজন দেখা দিয়েছিল। তিনি জানান, সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা হয়েছিল। সে সময় সুপ্রিম কোর্টের কাছে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছিল। পরে আদালতের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনা হলে তারা বিষয়টিকে রাজনৈতিক হিসেবে বিবেচনা করে রাজনৈতিকভাবেই সমাধানের পরামর্শ দেন। রাজনৈতিক ঐক্যের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভবিষ্যতে যেন আর কোনো জুলাই স্মৃতি জাদুঘর তৈরি করতে না হয়, সে জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের পুনরুত্থানের পথ বন্ধ করতে হবে। তিনি বলেন, দেশে যেন আর কোনো ‘জুলাই’ সংঘটিত না হয়, সে লক্ষ্যে সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে। তবে সংবিধান সংস্কারের বিষয়টি নিয়ে আলোচনা প্রয়োজন। লংমার্চের মাধ্যমে এ ধরনের সমস্যার সমাধান সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। বিচার বিভাগের স্বাধীনতা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিচার কার্য পরিচালনায় বিচারকেরা যথেষ্ট স্বাধীন। তাঁর মতে, রাষ্ট্র ও জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে তাঁরাও সার্বভৌম ক্ষমতার অধিকারী হন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় সরকার বিশ্বাস করে। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অনেক সংকট এড়ানো সম্ভব। তাই রাজনৈতিক বিভাজন না বাড়িয়ে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে আলোচনায় অংশ নিতে বিরোধী দলের প্রতি আহ্বান জানান তিনি।

Admin অক্টোবর ৩১, ২০২৬ 0
জনগণের ম্যান্ডেট নিয়ে বিএনপি সব সময় জনগণের পাশে ছিল এবং থাকবে: মীর শাহে আলম

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরবাসীর ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে দিনব্যাপী ডেঙ্গু জ্বর ও প্রাথমিক স্বাস্থ্য সেবা ক্যাম্প আয়োজিত হয়েছে। আজ শনিবার সকালে রাজধানীর মিরপুর ১০ নম্বরের আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এই স্বাস্থ্য ক্যাম্পের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত।  বক্তব্যে প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বিএনপি সব সময় জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চায় এবং জনগণের ভোট ও ম্যান্ডেট নিয়ে রাষ্ট্র পরিচালনা করতে বিশ্বাস করে। আমরা বিনা ভোটে বা রাতের অন্ধকারে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখি না।  প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সাহসী নেতৃত্বে বর্তমান সরকার জনগণের কল্যাণ ও সন্তুষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সাত মাস সময়ে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রমাণ হিসেবে মন্ত্রী ও এমপিদের বিরুদ্ধে নেওয়া প্রশাসনিক ব্যবস্থার কথা উল্লেখ করে তিনি বলেন, বিন্দুমাত্র জনগণের স্বার্থবিরোধী কাজ বরদাশত করা হবে না। ​সম্প্রতি সম্পন্ন হওয়া উপনির্বাচনের ফলাফলের কথা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণ অসংগঠিত রাজনৈতিক চক্রান্ত প্রত্যাখ্যান করে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করেছে। বিরোধী দলগুলোর সস্তা রাজনীতির সমালোচনা করে তিনি আরও বলেন, অনৈতিক কর্মকাণ্ড ঢাকা দেওয়া রাজনৈতিক দলগুলোকে দেশের জনগণ প্রত্যাখান করেছে। বিএনপি একটি দায়িত্বশীল দল; সরকারের যেকোনো ব্যর্থতা বা বিদ্যুৎ লোডশেডিংয়ের মতো ইস্যুতে প্রধানমন্ত্রী জাতীয় সংসদে দাঁড়িয়ে জাতির কাছে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতের কর্মপরিকল্পনা পেশ করেন—এটিই বিএনপির সততা ও অন্যান্য দলের সাথে মূল পার্থক্য। ​প্রতিমন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপি নেতাকর্মীরা মানুষের পাশে থেকে সেবা দিয়ে যাচ্ছেন। নিরাপদ খাবার পানি সরবরাহ, গ্যাস, প্রাথমিক চিকিৎসা, রাস্তাঘাটের উন্নয়ন, ফুটপাত দখলমুক্ত করা, বৃক্ষরোপণ এবং পরিষ্কার ও বাসযোগ্য ঢাকা গড়ার যে প্রচেষ্টা বিএনপি গ্রহণ করেছে, তার ওপর ভিত্তি করেই আগামী দিনে ঢাকাবাসী বিএনপির প্রার্থীদের আবারও নির্বাচিত করবে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পের মতো উদ্যোগ অসহায় ও সাধারণ মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তি নিশ্চিত করতে প্রশংসনীয় ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। ​উল্লেখ্য, ডিএনসিসির আওতাধীন এলাকার বাসিন্দাদের ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, আক্রান্ত রোগী শনাক্তকরণ এবং চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে অনুষ্ঠানে একটি অস্থায়ী স্বাস্থ্য সেবা ক্যাম্প উদ্বোধন করা হয়। এছাড়াও সেখানে দিনব্যাপী ক্যাম্পে আগত নগরবাসীদের স্ত্রীরোগ, শিশুস্বাস্থ্য, চর্মরোগ, ইপিআই, পরিবার পরিকল্পনা, অসংক্রামক ব্যাধি (NCD), পুষ্টি সেবা এবং সাধারণ চিকিৎসার পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানের সভাপতিত্বে এতে সিটি কর্পোরেশন ও বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেন।

Admin অক্টোবর ৩১, ২০২৬ 0
জনগণের অধিকার ও ভাগ্যোন্নয়নকে অগ্রাধিকার দিতে চাই : ইশরাক

জনগণের অধিকার ফিরিয়ে দেওয়া, ভাগ্যোন্নয়ন ও অর্থনৈতিক সমৃদ্ধি নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।  তিনি বলেন, বিএনপির ৩১ দফার কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি স্থানীয় পর্যায়ে মানুষের যেসব সমস্যা রয়েছে, সেগুলো সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ধোলাইখাল টং মার্কেট ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ৩২ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ইশরাক হোসেন। ইশরাক হোসেন বলেন, ধোলাইখাল পুরান ঢাকার একটি ঐতিহ্যবাহী ও বিখ্যাত এলাকা। এই এলাকার সঙ্গে তাঁর অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সময় এখানে ঢাকা শহরের একটি বড় সমাবেশ হয়েছিল। পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন এলাকায় সমাবেশ হয় এবং জনগণ আন্দোলনে যুক্ত হয়। আন্দোলন-সংগ্রামের সময় এই মার্কেটের সামনে তিনি প্রথম গুলিবিদ্ধ হয়েছিলেন বলেও উল্লেখ করেন তিনি। তিনি বলেন, “সামনের দিনগুলোয় আমরা যে আন্দোলন-সংগ্রামের মূল উদ্দেশ্য ও লক্ষ্য নিয়ে এগিয়েছিলাম, সেটি অর্জন করতে পারব, জনগণের অধিকার ফিরিয়ে দিতে পারব, জনগণের ভাগ্যোন্নয়ন করতে পারব, জনগণের অর্থনৈতিক সমৃদ্ধি আমরা কামনা করি। ইশরাক হোসেন বলেন, মার্কেটের উন্নয়নের মাধ্যমে এর সঙ্গে জড়িত ব্যবসায়ী, দোকানমালিক, শ্রমিক-কর্মচারী এবং তাঁদের ওপর নির্ভরশীল পরিবারগুলোর ভাগ্যোন্নয়ন ও জীবনযাত্রার মান উন্নয়নে পদক্ষেপ নিতে চান। ধোলাইখাল টং মার্কেট স্থায়ী করার বিষয়ে তিনি বলেন, তাঁকে জানানো হয়েছে, অতীতে মার্কেটটি স্থায়ী করার উদ্যোগ নেওয়া হয়েছিল। তাঁর বাবা মেয়র থাকাকালে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হলেও পরবর্তী সময়ে তত্ত্বাবধায়ক সরকার আসায় কাজটি সম্পন্ন করা সম্ভব হয়নি। এ প্রসঙ্গে তিনি বলেন, “এখন যেহেতু আমাদের বিএনপির সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্বে রয়েছে, আপনারা এই ফাইলটা নিয়ে মুভ করেন। আবার যেখানে যেখানে আপনাদের পক্ষে কথা বলার দরকার, সেটা আমি অবশ্যই করব।” মার্কেট স্থায়ী করার পরিকল্পনা ব্যবসায়ীদের নিজেদের ঠিক করার আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, তাঁরা যে ধরনের পরিকল্পনা করবেন, তা বাস্তবায়নের জন্য তাঁকে ডাকলে তিনি সহযোগিতা করবেন। নিজের নির্বাচনী এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হয়ে তাঁদের প্রতিনিধি হিসেবে সংসদে গেছেন। জীবিত থাকা পর্যন্ত তাঁদের প্রতি কৃতজ্ঞ থাকবেন। ইশরাক হোসেন বলেন, জাতীয় পর্যায়ে বিএনপির ৩১ দফার কর্মসূচি এবং স্থানীয় পর্যায়ে অতীতে যেসব সমস্যা নিয়ে কথা হয়েছে, সেগুলো সমাধানে তিনি আন্তরিকভাবে চেষ্টা করবেন। এলাকার মানুষের সমস্যার সমাধানে জোরালো পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, সুত্রাপুর থানা বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতাদের মাধ্যমে তাঁরা যেন তাঁর সঙ্গে যোগাযোগ রাখেন এবং নিজেদের সমস্যাগুলো তাঁর কাছে পৌঁছানোর ব্যবস্থা করেন। সমস্যাগুলো জানানোই তাঁদের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি প্রস্তুত রয়েছেন। নিজের রাজনৈতিক পথচলায় ধোলাইখালের ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের গুরুত্ব তুলে ধরে ইশরাক হোসেন বলেন, তাঁর রাজনৈতিক শিকড় ও মূল শক্তি তাঁরা। তাঁদের প্রতি তাঁর অঙ্গীকার সব সময় সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

Admin অক্টোবর ৩১, ২০২৬ 0
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন
ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সৌহার্দ্যের নজির, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাসায় মির্জা ফয়সল আমীন

  ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিজয়ের পর প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন। শুক্রবার (৩০ অক্টোবর) সকালে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনের বাসায় ফুলের তোড়া নিয়ে যান তিনি। এ সময় দুই নেতা কোলাকুলি করেন, একে অপরকে মিষ্টিমুখ করান এবং কুশল বিনিময় করেন। সাক্ষাৎকালে দলীয় মতপার্থক্য ভুলে ঠাকুরগাঁওয়ের উন্নয়নে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মির্জা ফয়সল আমীন। তিনি বলেন, আগামী দিনে ঠাকুরগাঁওকে এগিয়ে নিতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। জবাবে দেলাওয়ার হোসেনও জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ডে পাশে থাকার আশ্বাস দেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার পর দুই প্রার্থীর এই সৌজন্য সাক্ষাৎ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

Admin অক্টোবর ৩০, ২০২৬ 0
মির্জা ফয়সাল আমীন
১৮৩ কেন্দ্রের ফলে ধানের শীষে ২ লাখ ২৪ হাজার ১৬৫, জামায়াতের প্রার্থী পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট

ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন। বৃহস্পতিবার রাতে রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৮৩টির প্রাপ্ত ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ২৪ হাজার ১৬৫ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ৯৫ হাজার ৪৫০ ভোট। ফলে দুই প্রার্থীর ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ১ লাখ ২৮ হাজার ৭১৫। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে আসনটির ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শুরু হয় গণনা। সর্বশেষ পাওয়া ১৮৩টি কেন্দ্রের ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে থেকে জয়ের পথে এগিয়ে যান বিএনপির প্রার্থী। আসনটিতে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৪০ জন। জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিকেল ৩টা পর্যন্ত ৫২ শতাংশ ভোট পড়ে। নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বিএনপির মির্জা ফয়সল আমীন ধানের শীষ এবং জামায়াতের দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করেন। অন্য প্রার্থীরা হলেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ কংগ্রেসের হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। দিনভর বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া ভোটগ্রহণ শান্তিপূর্ণ হয়েছে বলে সন্তোষ প্রকাশ করেন মির্জা ফয়সল আমীন। তবে নির্বাচনে কিছু অনিয়মের অভিযোগ তোলেন জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেন। তাঁর অভিযোগ, কয়েকটি কেন্দ্রে কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি ছিল না। এ ছাড়া ১৫টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছিলেন তিনি। নির্বাচন সুষ্ঠু করতে আসনটিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়। দায়িত্ব পালন করেন বিজিবির ২১ প্লাটুন সদস্য, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের ২৫১ সদস্য, পুলিশের ২ হাজার ২৭২ সদস্য এবং আনসার বাহিনীর ২ হাজার ৪০৫ সদস্য। পাশাপাশি দায়িত্বে ছিলেন বিচারিক ও নির্বাহী ম্যাজিস্ট্রেটরা। নির্বাচন পর্যবেক্ষণ করেন চার বিদেশি পর্যবেক্ষকসহ ১৭৭ জন দেশি ও স্থানীয় পর্যবেক্ষক। নির্বাচন চলাকালে একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার চেষ্টার অভিযোগে তিনজনকে আটক করা হয়। এ ছাড়া প্রতীকসহ ভোটারদের স্লিপ বিতরণ করে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে জামায়াতের এক নেতাকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে বলে দাবি করেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কমিশনকে উদ্বিগ্ন করেনি। কর্মকর্তাদের পরিচয়পত্রে ছবি না থাকার অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, ভোটারদের পরিচয় ডেটাবেজের সঙ্গে মিলিয়ে নিশ্চিত করা হয়েছে এবং এজেন্টদের বিষয়টি বুঝিয়ে সন্তুষ্ট করা হয়েছে। তবে ১৮৫টি কেন্দ্রের মধ্যে ১৮৩টির ফলাফলের ভিত্তিতে বিজয়ের ব্যবধান স্পষ্ট হলেও বাকি দুটি কেন্দ্রের ফল এবং রিটার্নিং কর্মকর্তার চূড়ান্ত আনুষ্ঠানিক ঘোষণা প্রকাশের পরই নির্বাচনের পূর্ণাঙ্গ ফল নিশ্চিত হবে।

Admin অক্টোবর ২৯, ২০২৬ 0
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

জুলাই সনদ, গণভোটের রায় বাস্তবায়ন, জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা এবং সংস্কার প্রক্রিয়া নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে আলোচনা করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় রাজধানীর বসুন্ধরায় বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত ও প্রতিনিধিদলের প্রধান মাইকেল মিলার। এ সময় তাঁর সঙ্গে ছিলেন দূতাবাসের ফার্স্ট কাউন্সেলর ও রাজনৈতিক কর্মকর্তা কামিলা পার্টিকা। বিরোধীদলীয় নেতার কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়া, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন এবং জাতীয় সংসদে সরকারি ও বিরোধী দলের ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা এবং উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন বৈঠকে অংশগ্রহণকারীরা। এ সময় বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির সদস্য আলী আহমাদ মাবরুর উপস্থিত ছিলেন।

Admin অক্টোবর ২৯, ২০২৬ 0
রাজিব হোসেন পিন্টু
ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় রাজিব হোসেন পিন্টু

  ঢাকা মহানগর উত্তর যুবদলের নতুন কমিটিতে সাধারণ সম্পাদক কে হচ্ছেন—এ নিয়ে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা। গুরুত্বপূর্ণ এ পদে দায়িত্ব পেতে আগ্রহী নেতারা দলের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণে চালিয়ে যাচ্ছেন নানা তৎপরতা। এরই মধ্যে সাধারণ সম্পাদক পদে আলোচনায় উঠে এসেছে বৃহত্তর পল্লবী যুবদল নেতা রাজিব হোসেন পিন্টুর নাম। তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন কমিটিতে এমন নেতৃত্ব আসুক, যারা সাংগঠনিক দক্ষতা, রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও কর্মীবান্ধব মনোভাব দিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলকে আরও শক্তিশালী করতে পারবেন। একই সঙ্গে বিতর্কমুক্ত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতৃত্বের ওপর গুরুত্ব দিচ্ছেন তারা। সংশ্লিষ্ট নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, যুবদলের রাজনীতিতে দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মোহাম্মদ রাজিব হোসেন পিন্টুর। তিনি বৃহত্তর পল্লবী যুবদলের সাবেক প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাধারণ সম্পাদক, পরে সভাপতি হিসেবেও  দায়িত্ব পালন  পালন করেন তিনি । সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালনের অভিজ্ঞতা তাকে নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদপ্রত্যাশীদের আলোচনায় এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক ও সাংগঠনিক অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ঢাকা মহানগর উত্তর যুবদলকে আরও গতিশীল করার ক্ষেত্রে রাজিব হোসেন পিন্টু ভূমিকা রাখতে পারবেন—এমন প্রত্যাশা রয়েছে তার অনুসারী ও সমর্থকদের মধ্যে। তাদের মতে, তৃণমূলের সঙ্গে সমন্বয়, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং নেতাকর্মীদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠা নতুন কমিটির সামনে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হবে। সাধারণ সম্পাদক পদে শেষ পর্যন্ত কার ভাগ্যে দায়িত্ব জুটবে, তা নির্ভর করছে দলের নীতিনির্ধারকদের সিদ্ধান্তের ওপর। তবে নতুন নেতৃত্ব নির্বাচনকে ঘিরে ঢাকা মহানগর উত্তর যুবদলের নেতাকর্মীদের মধ্যে ইতোমধ্যে আগ্রহ ও প্রাণচাঞ্চল্য তৈরি হয়েছে। উল্লেখ্য, মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। গত ৩০ সেপ্টেম্বর বুধবার যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটি গঠন নিয়ে এখন সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে নানা আলোচনা ও প্রত্যাশা।

Admin অক্টোবর ২৮, ২০২৬ 0
ফ্যাসিস্টরা স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দিয়ে গেছে: স্বাস্থ্যমন্ত্রী

বিগত সময়ে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, স্বাস্থ্যখাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে জনগণের দোরগোড়ায় মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। মন্ত্রী আজ ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ‘রহমান ফাউন্ডেশন ও শক্তি’র উদ্যোগে মোবাইল হাসপাতাল স্বাস্থ্যসেবা ক্লিনিকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় সাংসদ মুশফিকুর রহমান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিগত সময়ে স্বাস্থ্যখাতকে দুর্নীতির আখড়ায় পরিণত করা হয়েছিল। কোটি কোটি টাকা ব্যয়ে কেনা চিকিৎসা সরঞ্জাম অব্যবহৃত পড়ে রয়েছে। উপজেলা পর্যায়ে এমএসআর খাতের টেন্ডারের ৬০-৭০ শতাংশ এবং জেলা পর্যায়েও বিভিন্ন টেন্ডারে লুটপাট হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে সরকার স্বাস্থ্যখাতে পরিবর্তন আনতে কাজ করছে। সাখাওয়াত হোসেন জানান, শিগগিরই প্রায় ১৬ হাজার কোটি টাকার টেন্ডার কার্যক্রম শুরু হবে, যার কাজ দুই বছরের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। দেশের আটটি বিভাগে ক্যান্সার, কিডনি ও হৃদরোগের চিকিৎসাকেন্দ্র স্থাপনের কাজ এগিয়ে চলছে। আগামী দুই মাসে পাঁচটি শিশু হাসপাতাল উদ্বোধন করা হবে। এ ছাড়া প্রায় ১ হাজার ১৫০টি ডায়ালাইসিস মেশিন সরবরাহের কার্যক্রম চলমান রয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন এনে এমন ব্যবস্থা গড়ে তোলা হবে, যাতে উন্নত চিকিৎসার জন্য দেশের মানুষকে বিদেশে যেতে না হয়। জনগণের অর্থের অপচয় রোধ করে মানুষের প্রয়োজনকে প্রাধান্য দিয়েই স্বাস্থ্যখাতের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।

Admin অক্টোবর ২৮, ২০২৬ 0
শাহে আলম
ভোটাধিকার নিশ্চিত ও স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার আশ্বাস স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

  ​বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজ মিলনায়তনে আজ বুধবার বিশ্ব হাত ধোয়া দিবস, ২০২৬ উদযাপন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজিত হয়। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব জনাব মো: শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।  ​অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাত ধোয়ার গুরুত্ব সম্পর্কে সচেতন করে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডায়রিয়া ও খাদ্যবাহিত রোগ প্রতিরোধে খাবার আগে এবং বাথরুম ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। ফাস্টফুড খাওয়ার সময় হাত ধোয়ার সুযোগ না থাকলে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহারের পরামর্শ দিয়ে তিনি জানান যে, নিয়মিত হাত পরিষ্কার রাখা এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ব্যক্তিগত সুস্বাস্থ্যের জন্য অপরিহার্য। এসব ভালো অভ্যাস নিয়মিত চর্চার মাধ্যমে সুস্থ প্রজন্ম গড়ে উঠে বলে মন্তব্য করেন প্রতিমন্ত্রী। সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ঠাকুরগাঁও উপনির্বাচনে যেমন সরকার কোনো হস্তক্ষেপ করছে না, তেমনি ইউনিয়ন পরিষদের নির্বাচনগুলোও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করবে সরকার। জনগণের ভোটের অধিকার কেড়ে নিতে চায় না বিএনপি সরকার বলেও মন্তব্য করেন তিনি। ​ঢাকা শহরের নাগরিক সেবা ও পানির সরবরাহ প্রসঙ্গে প্রতিমন্ত্রী উল্লেখ করেন যে, ঢাকা ওয়াসা প্রতিদিন প্রায় ৩১৪ কোটি লিটার পানি সরবরাহ করে থাকে। এর মধ্যে ৭৪ শতাংশ ভূগর্ভস্থ এবং ২৬ শতাংশ নদীর পানি শোধন করে সংগ্রহ করা হয়। মাটির নিচের পানির ওপর চাপ কমাতে এবং ভূমিকম্পের ঝুঁকি এড়াতে সরকার আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যে পদ্মা নদী থেকে অতিরিক্ত ১০০ কোটি লিটার পানি ঢাকা শহরে সরবরাহ করার নতুন প্রকল্প হাতে নিয়েছে বলে তিনি জানান। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের পানির অপচয় রোধে সচেতন হওয়ার আহ্বান জানান। ​অনুষ্ঠানে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শারীরিক সুস্থতার ওপর গুরুত্ব দিয়ে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান প্রজন্মের অনেকের মধ্যে ভিটামিন ডির ঘাটতির কারণে ক্লান্তি দেখা যায়। তাই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি গ্রহণের পাশাপাশি পুষ্টির দিকেও নজর দেওয়া উচিত। একইসাথে সুস্থতার জন্য খেলাধুলার সাথে শিক্ষার্থীদের সম্পৃক্ত হওয়ার পরামর্শ দেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিসেফের ডেপুটি রিপ্রেজেন্টেটিভ Malalay Ahmadzai, ডব্লিউএইচও (WHO) বাংলাদেশ প্রতিনিধি (OIC) Dr. Rajesh Narwal এবং ইউনিসেফের চিফ অব ওয়াশ (WASH Section) Mr. Peter Maes। বক্তব্যে অতিথিরা বিশ্ব হাত ধোয়া দিবসের তাৎপর্য তুলে ধরে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর গুরুত্ব আরোপ করেন। শিক্ষার্থীদের হাত ধোয়া ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখার শপথবাক্য পাঠ করানোর মধ্য দিয়ে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬-এর এই অনুষ্ঠানটি শেষ হয়। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,  ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।

Admin অক্টোবর ২৮, ২০২৬ 0
স্বরাষ্ট্রমন্ত্রী
ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স ,স্বরাষ্ট্রমন্ত্রী

ক্রসফায়ার’ নিয়ে আইজিপি মো. আলী হোসেন ফকিরের বক্তব্য নাকচ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ক্রসফায়ার চায় না; বরং এ বিষয়ে সরকারের অবস্থান জিরো টলারেন্স।  আইজিপি অসতর্কতাবশত এমন কথা বলেছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’ মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও পুলিশ হেফাজতে মৃত্যু কোনোভাবেই সহ্য করবে না। আইনের শাসন প্রতিষ্ঠা ও আইনশৃঙ্খলার উন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকার বলেও জানান তিনি।

Admin অক্টোবর ২৮, ২০২৬ 0
জামায়াতে ইসলামী
গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক ক মর্মে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের জামায়াতে ইসলামীর নিন্দা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২৭ অক্টোবর মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক পন্থায় রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে এবং রাষ্ট্রীয় মর্যাদা সমুন্নত রেখে বিদেশি রাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখে। কিন্তু দুঃখজনক হলো, সম্প্রতি ষড়যন্ত্রমূলকভাবে জামায়াতের সুনাম ক্ষুণ্ন করতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার একটি দেশের গোয়েন্দা সংস্থার সঙ্গে বৈঠক করেছেন মর্মে বিভিন্ন গণমাধ্যমে যেসব খবর প্রকাশিত হয়েছে, আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এডভোকেট জুবায়ের বলেন, যিনি বা যারা সেক্রেটারি জেনারেলকে জড়িয়ে অসত্য তথ্য দিয়ে সংবাদ ছড়িয়েছেন এবং তা প্রমাণের জন্য চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, তাদের উচিত অভিযোগের সত্যতা জাতির সামনে প্রকাশ করা। আমরা দ্ব্যর্থহীনভাবে বলছি, অসত্য তথ্য দিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেলকে জাতির কাছে বিতর্কিত করার হীন ও নোংরা প্রয়াস সফল হবে না। যিনি বা যারা এমন অসত্য তথ্য ছড়াচ্ছেন, তাদের মানসিক ও রাজনৈতিক সুস্থতা নিয়ে আমার সন্দেহ রয়েছে। তিনি আরও বলেন, জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের গণমাধ্যমগুলোকে সংশ্লিষ্ট অভিযোগের সত্যতা ও তথ্যের সঠিকতা যাচাইপূর্বক প্রমাণ সাপেক্ষে দায়িত্বশীল সংবাদ পরিবেশনের আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে মিথ্যা প্রচারণা ও প্রোপাগান্ডার বিষয়ে নাগরিকদের সতর্ক থেকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানাচ্ছি।

Admin অক্টোবর ২৮, ২০২৬ 0
প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ
পল্টনে সিপিবি কার্যালয়ে হামলার প্রতিবাদে শাহবাগে বিক্ষোভ সমাবেশ

রাজধানীর পল্টনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও বাংলাদেশ যুব ইউনিয়নের নেতাদের উপর এবং বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাংলাদেশ এবং যুব ইউনিয়নের নেতাকর্মীরা।  মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।  যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মী পরিচয় দিয়ে গতকাল সেখানে হামলা করা হয়েছে বলে দাবি করা হয় বিক্ষোভ সমাবেশে।  সভাপতির বক্তব্যে বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু বলেন, "আওয়ামী লীগের দোসর’ বা ‘ফ্যাসিস্টের দোসর’ ট্যাগ দিয়ে মানুষকে মবের শিকার করা হচ্ছে। মুক্তিযুদ্ধ, সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য কিংবা মুক্তিযুদ্ধের স্লোগান দেওয়ার কারণে কাউকে আটক বা গ্রেপ্তার করা গণতান্ত্রিক অধিকারের পরিপন্থী।" প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশে তিনি বলেন,  "কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ডের মতো এমন একটি কার্ড চালু করুন, যে কার্ড দেখিয়ে মানুষকে প্রমাণ করতে হবে না যে তিনি আওয়ামী লীগ করেন না। মুক্তিযুদ্ধের কথা বললে, ইতিহাস-সংস্কৃতি নিয়ে কথা বললে কিংবা ‘জয় বাংলা’ স্লোগান দিলে মানুষকে যেন আটক, হয়রানি ও মবের শিকার হতে না হয়। ১৮ কোটি মানুষ এই ভোগান্তি চায় না।" তিনি আরও বলেন, "দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বন্দর ব্যবস্থাপনা কিংবা ব্যক্তিগত অভিজ্ঞতা নিয়ে কথা বলার কারণে মানুষকে আটক করা হচ্ছে। এমন রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার জন্য তাঁরা আন্দোলন করেননি। তাঁরা মানুষের অধিকার, গণতন্ত্র ও স্বাধীনভাবে কথা বলার অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন।" সমাবেশে ছাত্র ইউনিয়ন (একাংশের)  সভাপতি মাহির শাহরিয়ার রেজা বলেন, "গতকাল নেতাকর্মীরা যখন কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ ছিলেন, তখন পুলিশ সেখানে ঢুকে দলীয় কার্যালয়ের বিভিন্ন স্থানে তল্লাশি চালায়। মব সৃষ্টিকারীদের প্রতিহত করার পরিবর্তে যারা মবের শিকার হয়েছেন, পুলিশ গতকাল তাঁদের ওপরই চড়াও হয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশের রাষ্ট্র, সরকার ও পুলিশ বাহিনীর চরিত্র আজ এ ঘটনার মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে।" মাহির বলেন, "ছাত্র ইউনিয়ন ও যুব ইউনিয়নের নেতাকর্মীদের ওপর হামলা এবং একটি রাজনৈতিক দলের কার্যালয়ে হামলা শুধু হামলার সংস্কৃতির অংশ নয়; এর পেছনে গভীর ষড়যন্ত্র রয়েছে। যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলেন, তাঁদের কণ্ঠরোধ করতে চাওয়া হচ্ছে। যারা শোষণ-বৈষম্যহীন, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চান, তাঁদেরও কণ্ঠ চেপে ধরার চেষ্টা চলছে।"  তিনি আরও বলেন, "সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সংবিধান নিয়ে সুন্দর সুন্দর বক্তব্য দেন। কিন্তু দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটলেও এ বিষয়ে তাঁর ন্যূনতম হুঁশ-জ্ঞান আছে বলে মনে হয় না। দেশে প্রতিনিয়ত ছিনতাই ও রাহাজানির ঘটনা ঘটছে।যারা এ দেশে গণতান্ত্রিক আন্দোলনে শ্রম দিয়েছেন, ঘাম ঝরিয়েছেন এবং রক্ত দিয়েছেন, সরকার তাঁদের ওপরই দমন-পীড়ন চালাচ্ছে। আওয়ামী লীগ সরকার যেভাবে দমন-পীড়ন চালিয়েছিল, বিএনপি সরকারও একই কায়দায় দেশের জনগণের ওপর নিপীড়ন চালিয়ে যাচ্ছে।" সমাবেশে আরও বক্তব্য দেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির  সাংগঠনিক সম্পাদক শাহীন ভুঁইয়া, সংহতি জানিয়ে বক্তব্য দেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ইনজামামুল।   বাংলাদেশ ছাত্র ইউনিয়নের (একাংশের) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বাহাউদ্দীন শুভর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ যুব ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির  সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।  সমাবেশ শেষে নেতারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জাদুঘরের সামনে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলায় গিয়ে শেষ করে।   সুনামগঞ্জে নারী বাউলশিল্পীদের গান গাইতে বাধা দেওয়ার প্রতিবাদে ঢাকার ধানমন্ডিতে মানববন্ধন করতে গিয়ে আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলের মুক্তির পর গতকাল বিক্ষোভ মিছিল বের করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) নেতা-কর্মীরা। রাজধানীর পুরানা পল্টন এলাকায় ওই মিছিলে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়েছে অভিযোগ তুলে সিপিবি নেতা–কর্মীদের ওপর হামলা করা হয়।

Admin অক্টোবর ২৮, ২০২৬ 0
এনসিপির  নেতা
ধর্ষণ মামলায় এনসিপির জেলা নেতা কারাগারে

বান্দরবানে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক শৈক্যচিং মার্মাকে (৫৫) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।   শুক্রবার (১৬ অক্টোবর) রাতে বান্দরবান পৌর শহরের মধ্যমপাড়ায় নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।   পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ওই নারীর সঙ্গে গত পাঁচ মাস ধরে শৈক্যচিং মার্মার সম্পর্ক ছিল। এ সময় বিয়ের আশ্বাস দিয়ে নিজের সাইনী রিসোর্টে নিয়ে তাঁকে একাধিকবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করেছেন ওই নারী।   এজাহারে উল্লেখ করা হয়, ঘটনার দিন রিসোর্টে খাবার খাওয়ার সময় ওই নারী বিয়ের প্রসঙ্গ তুললে শৈক্যচিং মার্মা তাতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে চিৎকার শুনে আশপাশের লোকজন রিসোর্টে এলে অভিযুক্ত ব্যক্তি ওই নারীকে ধাক্কা দিয়ে চলে যান বলে অভিযোগে বলা হয়েছে।   মামলার এজাহার অনুযায়ী, ওই নারীর পাঁচ বছর আগে বিবাহবিচ্ছেদ হয়। তিনি এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বসবাস করেন। শৈক্যচিং মার্মা তাঁর দূরসম্পর্কের দুলাভাই।   তবে তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন শৈক্যচিং মার্মা। তাঁর দাবি, তাঁকে পরিকল্পিতভাবে ষড়যন্ত্রের শিকার করা হয়েছে এবং অর্থ আদায়ের জন্য ব্ল্যাকমেইল করা হয়েছে। টাকা না দেওয়ায় ওই নারী মামলা করেছেন বলে দাবি করেন তিনি।   বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) কামরুল ইসলাম বলেন, ওই নারীর অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে মধ্যমপাড়ায় নিজ বাড়ি থেকে শৈক্যচিং মার্মাকে গ্রেপ্তার করা হয়। আইনগত প্রক্রিয়া শেষে তাঁকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।   মামলার অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ব্যক্তি আইনত নির্দোষ বলে বিবেচিত হবেন।

Admin অক্টোবর ১৭, ২০২৬ 0
Popular post
আইনের ঊর্ধ্বে কেউ নয়, অনিয়ম করলে ব্যবস্থা: আইনমন্ত্রী

মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সুতরাং এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।’ সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহে পিটিআই-এর একাডেমি-কাম-প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে সরকারদলীয় এক প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্ক ও পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে- কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, তার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধে আইনি কাঠামো সংস্কারের পরিকল্পনা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং এর অধীন নীতিমালায় বড় ধরনের কোনো ত্রুটি দেখা যায়নি। মূল সমস্যা বাস্তবায়ন প্রক্রিয়ায়। এ কারণে আইন বাস্তবায়ন জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা যথাসময়ে জানানো হবে। সব পরিকল্পনা আগেই প্রকাশ করলে পরিকল্পনার আর কিছু থাকে না। তবে ইতিবাচক পরিবর্তনের দিকে সরকার এগিয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে তাদের নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই। এ বিষয়ে প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা বিদ্যমান আইনি অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন না আসা পর্যন্ত আগের বিধানই কার্যকর থাকবে। এর আগে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের পর এ বিষয়ে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে তার কথা হয়নি। অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। AITV/RONY

‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল।

  কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে অগ্নিকাণ্ডে প্রাণহানির শিকার ‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। রিসোর্টটির অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ও ফায়ার লাইসেন্সও ছিল না। এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। শনিবার তিনি জানান, জুন মাসে রিসোর্টটিকে নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও সেখানে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। পর্যটন এলাকার অনেক ইকো রিসোর্ট প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টের নিচতলায় খাবার তৈরি করা হতো। সেখান থেকেই দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিসোর্টটি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পর্যটন এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমোদনহীন রিসোর্টগুলোর বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। কক্সবাজারের পর্যটন এলাকায় রিসোর্ট নির্মাণ ও পরিচালনায় অগ্নিনিরাপত্তা বিধি এবং প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার বিষয়টি এ ঘটনায় নতুন করে সামনে এসেছে।

প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে

বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বর প্লেটে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে নম্বর প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি হবে সাদা এবং রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যা কালো রঙে লিখতে হবে। পাশাপাশি বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নম্বর প্লেটে কোনো শোভাবর্ধক উপাদান বা অতিরিক্ত নকশা রাখা যাবে না। প্লেটের মাপ, রং, উপকরণ ও লেখার ধরন—সব ক্ষেত্রেই বিআরটিএর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। বিআরটিএ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট সংযোজন করে তা দৃশ্যমান রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

গণতান্ত্রিক পদ্ধতিতে সরকার পরিবর্তনের পক্ষে প্রকাশ রাজ

নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি বলেন, গণতান্ত্রিক উপায়েই সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা উচিত।   ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে এ মন্তব্য করেন প্রকাশ রাজ।   তিনি বলেন, “আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।”   বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের পার্থক্য তুলে ধরে প্রকাশ রাজ বলেন, “আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে।”   প্রকাশ রাজের অভিযোগ, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের অনীহা সরকার পরিবর্তনের দাবিকে আরও জোরালো করেছে বলেও মন্তব্য করেন তিনি।   তিনি বলেন, “আপনারা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনারা শক্তি প্রয়োগ করছেন।”   শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের দাবি জানানোকে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখার বিরোধিতা করেন এই অভিনেতা। তাঁর মতে, প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার।   প্রকাশ রাজ বলেন, “আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।”   সূত্র: ইন্ডিয়া টুডে

অনির্দিষ্ট কালের জন্য রিয়াদের ফ্লাইট বন্ধ

  ফ্লাইটের সময়সূচি, নতুন সিদ্ধান্ত ও টিকিটসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত সৌদিগামী দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে। এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৫টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে আরোপিত বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। বাতিল হওয়া ১১৪টি ফ্লাইটের মধ্যে ৫০টি সরাসরি এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট।  

Top week

পাবনায় বজ্রপাত
বাংলাদেশ

পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু

Admin অক্টোবর ৩০, ২০২৬ 0