বলিউড সুপারস্টার শাহরুখ খানের ৬১তম জন্মদিন আজ ২ নভেম্বর। বিশেষ এই দিনে ভক্তদের জন্য চমক নিয়ে এসেছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’। প্রকাশ পেয়েছে সিনেমাটির রোমান্টিক গান ‘তু মিল জায়ে’। এতে শাহরুখ খানের সঙ্গে রোমান্সে মেতেছেন দীপিকা পাড়ুকোন। গানটিতে প্রেমের পাশাপাশি রয়েছে অ্যাকশন ও সাসপেন্সের ঝলক। অরিজিৎ সিং ও মধুবন্তী বাগচির কণ্ঠে গানটিতে যুক্ত হয়েছে পপ তারকা এড শিরানের র্যাপ। সিনেমাটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ। গানের দৃশ্যে শাহরুখ-দীপিকার রোমান্টিক মুহূর্তের পাশাপাশি দেখা গেছে রক্তক্ষয়ী অ্যাকশন ও শাহরুখের ভিন্নধর্মী লুক। এতে তাঁর চরিত্রের আন্ডারওয়ার্ল্ড ও চোরাচালানের সঙ্গে সংশ্লিষ্টতার ইঙ্গিতও মিলেছে। ‘কিং’ সিনেমায় শাহরুখ-দীপিকা ছাড়াও অভিনয় করেছেন সুহানা খান, অভিষেক বচ্চন, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ ও জয়দীপ আহলাওয়াত। আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির। ১৯৯২ সালে ‘দিওয়ানা’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেছিলেন শাহরুখ। তিন দশকের বেশি সময় ধরে রোমান্টিক ও অ্যাকশনধর্মী চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে গড়ে তুলেছেন কোটি ভক্তের ভালোবাসা।
দক্ষিণ ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে এবার অভিনেতা ধানুশকে ঘিরে শুরু হয়েছে জল্পনা। সম্প্রতি নিজের ভক্ত সংগঠনের নাম পরিবর্তন করে ‘ধানুশ ওয়েলফেয়ার মুভমেন্ট’ রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগ নেওয়ায় তার রাজনীতিতে যোগ দেওয়ার আলোচনা জোরালো হয়েছে। গত ২৫ অক্টোবর নারী ভক্তদের নিয়ে আয়োজিত এক সমাবেশে কয়েক শ ভক্তকে পদ্মফুল খোদাই করা রুপার প্রদীপ উপহার দেন ধানুশ। এ ছাড়া তার সংগঠনের উদ্যোগে রাজ্যের ২৩৪টি বিধানসভা আসনে বিনা মূল্যে শিক্ষাকেন্দ্র চালু ও তিন হাজার আইন উপদেষ্টা নিয়োগের পরিকল্পনার কথাও জানা গেছে। তবে ধানুশের ঘনিষ্ঠ মহল জানিয়েছে, আপাতত রাজনীতিতে যোগ দেওয়ার পরিকল্পনা নেই তার। সিনেমার কাজ নিয়েই ব্যস্ত রয়েছেন এই অভিনেতা।
আফরান নিশো ও চঞ্চল চৌধুরীকে নিয়ে নতুন সিনেমা নির্মাণ করছেন ভিকি জাহেদ। ছবির নাম ‘খলনায়ক’। সাইকোলজিক্যাল থ্রিলারধর্মী এই সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মতো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাতা হিসেবে বড় পর্দায় অভিষেক হচ্ছে তাঁর। সিনেমাটির প্রযোজনায় রয়েছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির আগের সিনেমাগুলোর মধ্যে রয়েছে ‘সুড়ঙ্গ’, ‘তুফান’, ‘দাগি’, ‘তাণ্ডব’ ও ‘দম’। ‘খলনায়ক’-এর কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করছেন আফরান নিশো ও চঞ্চল চৌধুরী। তাঁদের সঙ্গে দেখা যাবে তমা মির্জাকে। এ ছাড়া সিনেমাটিতে অভিনয় করছেন শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, ইন্তেখাব দিনার, সুমন পাটোয়ারী, গাজী রাকায়েত, বিজরী বরকতউল্লাহ, সোহেল মণ্ডল, সুমন আনোয়ার, তুষার খান ও সেঁজুতি। বিশেষ একটি চরিত্রে থাকছেন কলকাতার অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার। সিনেমাটি নিয়ে চঞ্চল চৌধুরী বলেন, ‘ভিকি জাহেদের কাজে সবসময়ই নতুনত্ব ও ভিন্ন ঘরানার গল্প থাকে। “খলনায়ক” সিনেমার চরিত্রটি বেশ জটিল ও মনস্তাত্ত্বিক, যা একজন অভিনেতা হিসেবে আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে।’ এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্টের ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল জানান, দর্শকদের জন্য বিশ্বমানের সাইকোলজিক্যাল থ্রিলার নির্মাণের লক্ষ্য নিয়েই এগোচ্ছেন তাঁরা। ‘খলনায়ক’ সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট ও ইহাই ইন্টিগ্রেশন। শিগগিরই সিনেমাটির মুক্তির তারিখ ও অন্যান্য বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
অনলাইনে ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় চটকদার শিরোনাম, বিভ্রান্তিকর ক্যাপশন ও অপসাংবাদিকতার প্রবণতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। তাঁর অভিযোগ, মূল ঘটনা আড়াল করে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা করছে কিছু অনলাইন কনটেন্ট নির্মাতা ও গণমাধ্যমকর্মী। নিজেকে সাংবাদিকতার শিক্ষার্থী উল্লেখ করে দীঘি বলেন, সাংবাদিকতার অন্যতম মৌলিক নীতি হলো কাউকে হেয় বা ক্ষতিগ্রস্ত না করে প্রশ্ন করা। অথচ এখন চটকদার ক্যাপশন ও সংবেদনশীল শিরোনামের মাধ্যমে অনেক সময় খবরের মূল বক্তব্যই বদলে দেওয়া হচ্ছে। গণমাধ্যম ও সাংবাদিকতা পেশার প্রতি নিজের শ্রদ্ধার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, তাঁর নানা সাংবাদিক ছিলেন। প্রয়াত মায়েরও অনেক সাংবাদিক বন্ধু ছিলেন। পরিবারের নিকটজনদের মধ্যেও অনেকে এ পেশার সঙ্গে যুক্ত। সে কারণে সাংবাদিকতার নামে বর্তমানের অপেশাদার চর্চা তাঁকে কষ্ট দেয়। দীঘির ভাষ্য, এখন অনেক ক্ষেত্রে সাংবাদিকতার নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ না করে শুধু মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দিয়েই চটকদার কনটেন্ট তৈরি করা হচ্ছে। ভিউ বাড়ানোর উদ্দেশ্যে সাক্ষাৎকারের অপ্রাসঙ্গিক অংশ কেটে বিভ্রান্তিকর ক্যাপশন দেওয়া হচ্ছে। এতে পাঠক ও দর্শক প্রকৃত ঘটনা সম্পর্কে ভুল ধারণা পাচ্ছেন। ২০০৬ সালে ‘কাবুলিওয়ালা’ সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় দীঘির। ২০১২ সাল পর্যন্ত ৩৬টি সিনেমায় অভিনয় করেন তিনি। পরে পড়াশোনার জন্য অভিনয় থেকে বিরতি নেন। এরপর নায়িকা হিসেবে চলচ্চিত্রে ফেরেন। গত বছরের ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমার মাধ্যমে নতুন করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। বর্তমানে তাঁর অভিনীত ‘বিদায়’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।
অনুমতি না নিয়ে বাদীর ছবি ও মিথ্যা তথ্যের অভিযোগে অভিনেত্রী তানজিন নাহার তিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বুধবার ( ২৮ অক্টোবর) বাদী সানায়া আনাম আয়াফিকাহ চৌধুরী সুপ্রীম কোর্রটর আইনজীবী শুভ্র সিনহা রায়ের মাধ্যমে লিগ্যাল নোটিশটি পাঠিয়েছেন। এ বিষয়ে শুভ্র সিনহা রায় জানিয়েছেন লিগ্যাল নোটিশে বলা হয়েছে, বাদী বিবাদী তানজিন নাহার তিশার বিরুদ্ধে ঢাকার বিজ্ঞ সিএমএম আদালত ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে দুটি পৃথক মামলা দায়ের করেছেন এবং মামলাগুলো চলমান রয়েছে। বিবাদী তানজিন নাহার তিশা বিগত ২৭/১০/২০২৬ ইং তারিখে তার রিফাইড ফেসবুক পেইজ Tanjin Tisha নামক পেইজ থেকে বাদীর বিরুদ্ধে বিভিন্ন আপত্তিকর ছবি ও ভুল তথ্য ছড়াচ্ছে। এছাড়াও বিবাদী তানজিন নাহার তিশা দেশের গণমাধ্যমকেও ভুলভাবে উপস্থাপন করে যাচ্ছেন। নোটিশে আরও বলা হয়েছে, বাদীকে ২০২৫ সালের ৭ নভেম্বর ইং বিবাদী তানজিন নাহার তিশা তাহার ফেসবুক মেসেঞ্জারে ভাইরালের হুমকি দেন। সেখানে তিশা বলেন, 'ফেমাস হইলে বইলো, আমি তোমার ছবি আপলোড করে দিবো নে।' বাদী বলেন, তিশা তারই ধারাবাহিকতায় তাহার ছবি আপনার ফেইসবুকে আপলোড দিয়ে সম্মান হানির ঘটনায় লিপ্ত রয়েছেন। নোটিশে বলা হয়েছে, তিশা ফেসবুকে লেখেন, ‘এই দুজন এক কেন? এই দুই বোনের মিলিত হয়ে ঘৃণা কেন’। বাস্তবিকভাবে বাদী ও ছবি শেয়ার করা অপর নারী কখনো বোন নয়। তিশা অপর নারীকে বোন বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সর্ব জায়গায় ভুল ভাবে উপস্থাপন করছেন। প্রকৃতপক্ষে বাদী একজন ফ্যাশন ডিজাইনার ও অপরজন একজন নারী উদ্যোক্তা। সেই হিসেবে তাহাদের মধ্যে পরিচয় রয়েছে। তিশা এই সম্পর্ককে নেতিবাচক হিসেবে ব্যবহার করে বাদীর মানহানি ঘটিয়ে যাচ্ছে। নোটিশে আরও বলা হয়েছে, তিশা তাহার ফেসবুক পোস্টে দুইজন মাইনরের ছবি প্রকাশ করেছেন। এগুলো ছবি প্রকাশের ক্ষেত্রে বাদীর ও শিশুর পরিবারের কোন অনুমতি নেওয়া হয়নি। যাহা সাইবার সুরক্ষা আইন ২০২৩ এর সুস্পষ্ট লঙ্ঘন। লিগ্যাল নোটিশে বলা হয়েছে, নোটিশ প্রাপ্তির দুই(২) দিনের মধ্যে তিশার ভেরিভাইড ফেইসবুক পেইজ থেকে বাদীর সম্বলিত সকল ছবি ও লেখা সরিয়ে ফেলতে এবং ভবিষ্যতে বাদীর কোন ছবি ফেইসবুক পেইজে প্রকাশ না করতে।অন্যথায় বাদী আইনজীবীর মাধ্যমে তিশার বিরুদ্ধে আর্থিক মানহানি এবং সাইবার ট্রাইব্যুনালসহ যেকোন আদালতে আইনি প্রতিকার নিতে বাধ্য হইবে।
বন্ধুত্ব থেকে প্রেম, এরপর বিয়ে—অভিনেত্রী সাবিলা নূর ও ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরের সম্পর্কের শুরুটা ছিল এভাবেই। ২০১৯ সালের ৭ ডিসেম্বর পারিবারিক আয়োজনে বিয়ে করেন তাঁরা। তবে সাত বছরের দাম্পত্য ঘিরে সম্প্রতি বিনোদন অঙ্গনে নানা গুঞ্জন ছড়িয়েছে। বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, কয়েক মাস ধরে আলাদা থাকছেন সাবিলা ও নেহাল। তাঁদের বিচ্ছেদের সম্ভাবনা নিয়ে আলোচনার পাশাপাশি এক চিত্রগ্রাহকের সঙ্গে সাবিলার নতুন সম্পর্কের গুঞ্জনও ছড়িয়েছে। ওই চিত্রগ্রাহক বিজ্ঞাপন ও চলচ্চিত্রের কাজে যুক্ত বলে খবরে উল্লেখ করা হয়েছে। তবে এসব দাবির বিষয়ে এখন পর্যন্ত সাবিলা নূর কিংবা নেহাল সুনন্দ তাহেরের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে তাঁদের দাম্পত্যে বিচ্ছেদ ঘটেছে বা সাবিলা নতুন সম্পর্কে জড়িয়েছেন—এমন কোনো তথ্য নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। ২০১৪ সালে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে যাত্রা শুরু করেন সাবিলা নূর। বিজ্ঞাপনে পরিচিতি পাওয়ার পর নাটকে অভিনয় করে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ছোট পর্দায় নিজের অবস্থান শক্ত করার পাশাপাশি ব্যক্তিজীবনেও নেহালের সঙ্গে গড়ে ওঠে তাঁর সম্পর্ক, যা পরে বিয়েতে রূপ নেয়। ব্যক্তিজীবন নিয়ে আলোচনা চললেও অভিনয়ে ব্যস্ত সময় পার করছেন সাবিলা। শাকিব খানের বিপরীতে ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় তাঁর অভিনয় নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ‘বনলতা এক্সপ্রেস’ নিয়েও রয়েছে আগ্রহ। সামনে ঈদুল আজহায় শরিফুল রাজের বিপরীতে তাঁর অভিনীত ‘কানাভুলা প্যারাডক্স’ সিনেমাটি মুক্তির কথা রয়েছে। ক্যারিয়ারের ব্যস্ততার মধ্যেই ব্যক্তিজীবন নিয়ে ছড়ানো গুঞ্জন ঘিরে এখন ভক্তদের কৌতূহল। তবে তারকাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত দাবি ও নিশ্চিত তথ্যের মধ্যে পার্থক্য রাখা জরুরি। সাবিলা ও নেহালের সম্পর্কের বর্তমান অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা পেতে তাঁদের আনুষ্ঠানিক বক্তব্যের অপেক্ষাই করতে হবে।
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী পরীমণি। এ ঘটনায় নিজের ব্যক্তিগত জীবন, মানসিক শান্তি ও কাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। পাশাপাশি সংশ্লিষ্ট টেলিভিশন কর্তৃপক্ষের কাছে কার্যকর সমাধান চেয়েছেন এই অভিনেত্রী। শনিবার (১৭ অক্টোবর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে পরীমণি এসব কথা বলেন। পোস্টে বেসরকারি টেলিভিশন চ্যানেল মাছরাঙা টেলিভিশনকে উদ্দেশ করে তিনি লেখেন, “ডিয়ার মাছরাঙ্গা টেলিভিশন, আপনাদের এই জাস্ট একটা ফটো কার্ড এর দুঃখ প্রকাশ কোন কাজে দিচ্ছে না একদমই।” পরীমণির অভিযোগ, এ ঘটনার কারণে তাঁর স্বাভাবিক জীবন আবারও দুর্বিষহ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের কাজ কিংবা ব্যক্তিগত বিষয় নিয়ে পোস্ট করতেও সমস্যায় পড়ছেন তিনি। এমনকি তাঁর সন্তানদের ছবিতেও অসংখ্য নেতিবাচক মন্তব্য করা হচ্ছে বলে জানান অভিনেত্রী। পোস্টে তিনি আরও লেখেন, “আমার জীবনের মানসিক শান্তি নষ্ট করে দিলেন! আমার কাজ নষ্ট করে দিলেন। এরপর কি বাকি থাকল আর।” অপরাধীদের আইনের আওতায় আনার বিষয়ে টেলিভিশন কর্তৃপক্ষের ঘোষণার প্রসঙ্গ তুলে পরীমণি জানতে চান, এ বিষয়ে কার্যকর পদক্ষেপ কবে নেওয়া হবে। তাঁর ভাষ্য, “আপনারা বলেছেন অপরাধীদের আইনের আওতায় নিয়ে আসবেন। আর কবে আনবেন সেটা। আমার কাছে অপরাধী তো এখন আপনারা।” সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্ট থেকে এআই দিয়ে তৈরি দুই অভিনেত্রীর একটি ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনার পর চ্যানেল কর্তৃপক্ষ জানায়, তাদের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। একই সঙ্গে ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার কথাও জানানো হয়। এআই দিয়ে তৈরি ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিক মর্যাদা, ব্যক্তিগত জীবন ও অনলাইন নিরাপত্তা নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ‘আমরা কেউই আইনের ঊর্ধ্বে নই। সুতরাং এটা আমাদের সবার মাথায় রাখতে হবে।’ সোমবার (১৯ অক্টোবর) ঝিনাইদহে পিটিআই-এর একাডেমি-কাম-প্রশাসনিক ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক সময়ে সরকারদলীয় এক প্রতিমন্ত্রীর মাদকবিরোধী অভিযান ঘিরে বিতর্ক ও পদত্যাগের ঘোষণা প্রসঙ্গে জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট নির্দেশনা রয়েছে- কেউ মানুষের প্রত্যাশার পরিপন্থি কোনো কাজ করলে তিনি যত কাছের মানুষই হোন না কেন, তার বিষয়ে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নেবেন। ইতোমধ্যে প্রধানমন্ত্রী তা প্রমাণ করেছেন বলেও মন্তব্য করেন তিনি। দুর্নীতি দমন ও অর্থ পাচার রোধে আইনি কাঠামো সংস্কারের পরিকল্পনা সম্পর্কে আইনমন্ত্রী বলেন, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং এর অধীন নীতিমালায় বড় ধরনের কোনো ত্রুটি দেখা যায়নি। মূল সমস্যা বাস্তবায়ন প্রক্রিয়ায়। এ কারণে আইন বাস্তবায়ন জোরদার করতে প্রয়োজনীয় ব্যবস্থাগুলো সক্রিয় করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করার বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা যথাসময়ে জানানো হবে। সব পরিকল্পনা আগেই প্রকাশ করলে পরিকল্পনার আর কিছু থাকে না। তবে ইতিবাচক পরিবর্তনের দিকে সরকার এগিয়ে যাবে বলে আশ্বাস দেন তিনি। এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, বর্তমানে তাদের নির্বাচনে অংশ নিতে আইনি কোনো বাধা নেই। এ বিষয়ে প্রতিমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, তা বিদ্যমান আইনি অবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। আইনি প্রক্রিয়ায় কোনো পরিবর্তন না আসা পর্যন্ত আগের বিধানই কার্যকর থাকবে। এর আগে সার ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ এবং এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে আইনমন্ত্রী বলেন, সার ডিলার নিয়োগের পর এ বিষয়ে কোনো সংবাদমাধ্যমের সঙ্গে তার কথা হয়নি। অনিয়ম হয়ে থাকলে সংশ্লিষ্ট বিভাগ ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। AITV/RONY
কক্সবাজারের মেরিন ড্রাইভের পাটুয়ারটেক সৈকতে অগ্নিকাণ্ডে প্রাণহানির শিকার ‘টুপটুপ’ রিসোর্টটি ফায়ার সার্ভিসের অনুমতি ছাড়াই নির্মাণ করা হয়েছিল। রিসোর্টটির অগ্নিনিরাপত্তার ছাড়পত্র ও ফায়ার লাইসেন্সও ছিল না। এমন তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জুনাইদ। শনিবার তিনি জানান, জুন মাসে রিসোর্টটিকে নোটিশ দেওয়া হয়েছিল। এরপরও সেখানে অগ্নিনিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছিল না। পর্যটন এলাকার অনেক ইকো রিসোর্ট প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই পরিচালিত হচ্ছে বলেও উল্লেখ করেন তিনি। ফায়ার সার্ভিসের মহাপরিচালক বলেন, মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্টের নিচতলায় খাবার তৈরি করা হতো। সেখান থেকেই দুর্ঘটনাবশত আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রিসোর্টটি ফায়ার সার্ভিসের সংশ্লিষ্ট কার্যালয় থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে। তিনি আরও জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ছয়টি মরদেহ উদ্ধার করা হয়েছে। পর্যটন এলাকায় এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসনকে বিষয়টি জানানো হবে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক। স্থানীয় পর্যটন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুমোদনহীন রিসোর্টগুলোর বিষয়ে আলোচনা করা হবে বলেও জানান তিনি। কক্সবাজারের পর্যটন এলাকায় রিসোর্ট নির্মাণ ও পরিচালনায় অগ্নিনিরাপত্তা বিধি এবং প্রয়োজনীয় অনুমোদন নিশ্চিত করার বিষয়টি এ ঘটনায় নতুন করে সামনে এসেছে।
বিআরটিএর নির্দেশনা অনুযায়ী, স্কুটারের সামনের নম্বর প্লেটের দৈর্ঘ্য হবে ২০০ মিলিমিটার এবং প্রস্থ ১০০ মিলিমিটার। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের ক্ষেত্রে দৈর্ঘ্য ২৮৫ মিলিমিটার ও প্রস্থ ৫০ মিলিমিটার নির্ধারণ করা হয়েছে। উভয় ধরনের নম্বর প্লেটে অক্ষর ও সংখ্যার উচ্চতা কমপক্ষে ২০ মিলিমিটার রাখতে হবে। স্কুটার ছাড়া অন্যান্য মোটরসাইকেলের নম্বর একটিমাত্র আনুভূমিক রেখায় প্রদর্শন করা যাবে। প্লেট তৈরিতে যেসব শর্ত মানতে হবে নম্বর প্লেট তৈরিতে স্টেইনলেস স্টিল অথবা অ্যালুমিনিয়াম ব্যবহার করতে হবে। এর পটভূমি হবে সাদা এবং রেজিস্ট্রেশন নম্বরের অক্ষর ও সংখ্যা কালো রঙে লিখতে হবে। পাশাপাশি বাংলা অক্ষর ও সংখ্যা ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নম্বর প্লেটে কোনো শোভাবর্ধক উপাদান বা অতিরিক্ত নকশা রাখা যাবে না। প্লেটের মাপ, রং, উপকরণ ও লেখার ধরন—সব ক্ষেত্রেই বিআরটিএর নির্ধারিত নির্দেশনা অনুসরণ করতে হবে। বিআরটিএ জানিয়েছে, আগামী ১৫ নভেম্বরের মধ্যে মোটরসাইকেলের সামনের অংশে নম্বর প্লেট সংযোজন করে তা দৃশ্যমান রাখতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে নির্দেশনা পালন না করলে সংশ্লিষ্ট মালিকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
নির্বাচন ও সাংবিধানিক পদ্ধতি অনুসরণ করে সরকার পরিবর্তনের পক্ষে অবস্থান নিয়েছেন ভারতের অভিনেতা ও সমাজকর্মী প্রকাশ রাজ। শুক্রবার (১৬ অক্টোবর) তিনি বলেন, গণতান্ত্রিক উপায়েই সরকারকে ক্ষমতা থেকে সরানোর চেষ্টা করা উচিত। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়, উত্তরপ্রদেশ থেকে শুরু করে ২০২৯ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত নির্বাচনী লড়াই চালিয়ে যাওয়ার পরিকল্পনার কথা তুলে ধরে এ মন্তব্য করেন প্রকাশ রাজ। তিনি বলেন, “আমরা সরকারকে ক্ষমতা থেকে সরাতে চাই এবং এ দেশে গণতান্ত্রিকভাবেই তা করব।” বাংলাদেশ ও নেপালের রাজনৈতিক পরিস্থিতির সঙ্গে ভারতের পার্থক্য তুলে ধরে প্রকাশ রাজ বলেন, “আমরা নেপাল নই। আমরা বাংলাদেশ নই। আমাদের আম্বেদকর আছেন। আমাদের গান্ধী আছেন। আমাদের ভগৎ সিং আছেন। আমাদের সংবিধান আছে। আমাদের ভোট দেওয়ার অধিকার আছে।” প্রকাশ রাজের অভিযোগ, বিক্ষোভকারীদের কণ্ঠরোধ করতে কেন্দ্রীয় সরকার শক্তি প্রয়োগ করছে। আন্দোলনকারীদের সঙ্গে আলোচনায় বসতে সরকারের অনীহা সরকার পরিবর্তনের দাবিকে আরও জোরালো করেছে বলেও মন্তব্য করেন তিনি। তিনি বলেন, “আপনারা আমাদের এমন অবস্থায় ঠেলে দিয়েছেন, কারণ আপনারা আমাদের সঙ্গে কথা বলছেন না। আপনারা শক্তি প্রয়োগ করছেন।” শান্তিপূর্ণ বিক্ষোভ ও নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক পরিবর্তনের দাবি জানানোকে নৈরাজ্য সৃষ্টির প্রচেষ্টা হিসেবে দেখার বিরোধিতা করেন এই অভিনেতা। তাঁর মতে, প্রশ্ন তোলা, প্রতিবাদ করা এবং ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকদের সাংবিধানিক অধিকার। প্রকাশ রাজ বলেন, “আমরা অস্ত্রধারী নই। আমাদের অস্ত্র হলো সংবিধান। আমাদের অস্ত্র হলো প্রতিবাদ করার অধিকার।” সূত্র: ইন্ডিয়া টুডে
ফ্লাইটের সময়সূচি, নতুন সিদ্ধান্ত ও টিকিটসংক্রান্ত তথ্য জানতে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করতে বলা হয়েছে। এদিকে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত সৌদিগামী দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইনসের মোট ১১৪টি ফ্লাইট বাতিল হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭ হাজার ৭০১ জন যাত্রী। বাতিল হওয়া সরাসরি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ১৮টি, সৌদিয়া এয়ারলাইনসের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইনসের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে। এ ছাড়া ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ২২টি, এমিরেটসের ১৪টি, কাতার এয়ারওয়েজের ৯টি, সালাম এয়ারের ৭টি, ফ্লাই দুবাইয়ের ৬টি, এয়ার ইন্ডিয়ার ৫টি এবং ইজিপ্ট এয়ারের একটি ফ্লাইট বাতিল হয়েছে। বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ জানান, সৌদি আরবের বিমানবন্দরগুলোতে হামলার পরিপ্রেক্ষিতে আরোপিত বিধিনিষেধের কারণে ফ্লাইট চলাচলে বিঘ্ন ঘটেছে। বাতিল হওয়া ১১৪টি ফ্লাইটের মধ্যে ৫০টি সরাসরি এবং ৬৪টি ট্রানজিট ফ্লাইট।